Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিখোঁজ সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ১৬:২২ | আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৬:৩১

সন্ন্যাসী নয়ন দাশ, যার মরদেহ উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে নিখোঁজ হওয়ার তিনদিন পর নয়ন দাশ (৩৫) নামের এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে স্থানীয় লোকজন পাহাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নয়ন দাশ খুরুশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডেইল এলাকার পুলিশশার ঘোনানাগ পঞ্চমী মন্দিরের সেবায়েত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার স্থায়ী বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দোহাজারী এলাকার ফুলতলা গ্রামে। তিনি গোপাল দাশের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল রাত ৯টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি নয়ন দাশকে তার বর্তমান বসতঘর থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ২০ এপ্রিল রাতে কক্সবাজার সদর মডেল থানায় একটি অভিযোগ করেন। পরে ২১ এপ্রিল স্থানীয় লোকজন ও মন্দির সংশ্লিষ্টরা আশপাশ এলাকায় খোঁজ চালান। বুধবার ২২ এপ্রিল দুপুরে প্রায় ৩০-৩৫ জনের একটি দল মন্দিরের পূর্ব পাশের দুর্গম পাহাড়ি এলাকায় অনুসন্ধান চালানোর সময় একটি গাছের সঙ্গে গলায় চাদর পেঁচানো অবস্থায় নয়ন দাশের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন-চার্জ) মোহাম্মদ ছমিউদ্দিন নিশ্চিত করেছেন, ‘মরদেহ উদ্ধারের পর সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্টে নিশ্চিত হওয়া যাবে।’

এদিকে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে রহস্যজনক এ মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর