কুষ্টিয়া: নিখোঁজের চারদিন পর কুষ্টিয়ার মিরপুরে হাসনা খাতুন নামে ৭০ বছর বয়সি এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মিরপুর উপজেলার গোবিন্দ গুনিয়া এলাকার জিকে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, হাসনা খাতুনের কোমরে গামছা দিয়ে বালির বস্তা বাঁধা ছিল।
নিহত হাসনা খাতুন পার্শ্ববর্তী বহলবাড়ী ইউনিয়নের খাড়ারা গ্রামের করিম আলীর স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার রাত ১২টার দিকে ছেলে হাসান আলীর সঙ্গে শেষ কথা হয় হাসনা খাতুনের। এরপর নিজ ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। ভোরে পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে মিরপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়।
শুক্রবার সকালে জিকে খালে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মিরপুর থানার এসআই মাহাবুবর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।