Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ ও গাঁজাসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৬ ২১:৩৬

গোমস্তাপুর থানা। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পৃথক অভিযানে ২১৭ বোতল এস্কাফ সিরাপ ও ১ কেজি গাঁজাসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার (১০ জুলাই) ভোরে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গোমস্তাপুর থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১২টা ২০ মিনিটের দিকে বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিবরামপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ওই গ্রামের মৃত ঘাটু শেখের ছেলে আলম হোসেন ওরফে আলম মেম্বারকে (৬২) তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তার শয়নকক্ষের কাঠের খাটিয়ার নিচ থেকে লুকিয়ে রাখা ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২৫ হাজার টাকা।

বিজ্ঞাপন

একই দিন ভোর ৪টা ২৫ মিনিটের দিকে বাঙ্গাবাড়ী ইউনিয়নের কামারপাড়া গ্রামের বারোদুয়ারী রেলঘুন্টির দক্ষিণপাশের পাকা সড়কে আরেকটি অভিযান চালায় পুলিশ। এ সময় একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২১৭ বোতল এস্কাফ সিরাপসহ সাহেব আলী (৩৮) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি আলীনগর ইউনিয়নের ইমাননগর গ্রামের শামসুদ্দিনের ছেলে। উদ্ধার করা এস্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৩ হাজার ৬০০ টাকা।

গোমস্তাপুর থানার এসআই জেনারুল শেখ, এসআই সজ্জল চিলী, এসআই ইমরান হোসেন ও এসআই মো. শরিফুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেন পুলিশের একটি দল।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি নিয়মিত মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।’

মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর