Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৭ মাসের শিশুকন্যাকে আছাড়ে হত্যার অভিযোগ, বাবাকে গ্রেফতার দেখানোর আদেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৬ ২১:৫৪

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সি শিশুকন্যা রাফা মনি কবিতাকে আছাড় মেরে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আদালতের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন।

মামলার তথ্য অনুযায়ী, গত বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় পারিবারিক কলহের একপর্যায়ে কবির ইসলাম তার সাত মাস বয়সি মেয়ে রাফা মনিকে নানির কোল থেকে ছিনিয়ে নিয়ে রাস্তায় আছাড় মারেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরদিন তুরাগ থানা পুলিশ তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

এদিকে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

শিশুটির মৃত্যুর পর শুক্রবার (১৭ জুলাই) তুরাগ থানায় কবির ইসলামকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের নানি শারমিন আক্তার। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল শনিবার তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানির জন্য মঙ্গলবার (২১ জুলাই) দিন ধার্য ছিল। এদিন আসামিকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত তাকে মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রায় দুই বছর আগে কবির ইসলামের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে জন্ম নেয় রাফা মনি। কবির পেশায় রিকশাচালক এবং দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে অভিযোগ রয়েছে। মাদক সেবনের পর তিনি প্রায়ই স্ত্রীকে মারধর ও গালিগালাজ করতেন। ঘটনার দিন লিমা আক্তার অসুস্থ বাবাকে দেখতে মেয়েকে নিয়ে বালুরমাঠ হারুন মোল্লার বস্তিতে যান। সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে ক্ষিপ্ত হয়ে কবির ইসলাম শিশুকন্যাকে নানির কোল থেকে ছিনিয়ে নিয়ে মাটিতে আছাড় মারেন। এতে গুরুতর আহত রাফা মনির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

সারাবাংলা/টিএম/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর