ঢাকা: রাজধানীর ডেমরায় মাদক খাওয়া নিয়ে দ্বন্দ্বে ইট দিয়ে মেরে দেলোয়ার হোসেন (৫০) নামে এক রিকশা চালককে হত্যার ঘটনা ঘটেছে। পরে ঘাতককে গণধোলাই দিয়ে পু্লিশে সোর্পদ করেছে স্থানীয়রা।
শুক্রবার (৫সেপ্টেম্বর) ভোরে ডেমরা কামারগোপ ৪ নম্বর গেইট মসজিদের পিছনে ঘটনাটি ঘটে।
ডেমরা থানার উপ পরিদর্শক (এসআই) শীতল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাইতো। ভোরে ডেমরা কামারগোপ এলাকায় দেলোয়ারের পুর্ব পরিচিত রনির (২৫) সাথে মাদক খাওয়া নিয়ে দ্বন্দ্ব হয়। এক পর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে ঘটনাস্থলে মারা যায় দেলোয়ার। এরপর এলাকার লোকজন রনিকে গণধোলাই দেয়। খবর পেয়ে রনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক।
এসআই আরও জানান, দেলোয়ারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আহত রনি ঢাকা মেডিকেলে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।