Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অবশেষে জেন্ডায়ার সঙ্গে বিয়ের গুঞ্জনে সিলমোহর দিলেন টম হল্যান্ড

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৮ জুন ২০২৬ ১৭:০২

হলিউডের অন্যতম জনপ্রিয় ও চর্চিত তারকা জুটি টম হল্যান্ড এবং জেন্ডায়ার বিয়ে নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ ছিল না। দীর্ঘদিন ধরে চলা সেই জল্পনা-কল্পনায় এবার খোদ টম হল্যান্ড নিজেই সিলমোহর দিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে তিনি কার্যত নিশ্চিত করেছেন যে, তাদের শুভপরিণয় ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে।

বেশ কয়েক মাস ধরেই হলিউডের বাতাসে ভাসছিল যে, গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিয়েছেন এই স্পাইডার-ম্যান জুটি। এমনকি চলতি বছরের শুরুতে জেন্ডায়ার ব্যক্তিগত স্টাইলিস্ট ল’ রোচও দাবি করেছিলেন যে, তাদের বিয়ে হয়ে গেছে। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) দ্বারা তৈরি এই জুটির একাধিক ‘বিয়ের ছবি’ ছড়িয়ে পড়ে, যা নিয়ে নেটদুনিয়ায় তোলপাড় শুরু হয়। সম্প্রতি এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে টম হাসিমুখে জানান, সেই এআই-নির্মিত ছবিগুলো দেখে তার ঠাকুমা বেশ বিভ্রান্ত হয়ে পড়েছিলেন এবং ভেবেছিলেন যে তাকে হয়তো নাতি বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে ভুলে গেছে!

বিজ্ঞাপন

কথাপ্রসঙ্গে সাক্ষাৎকার গ্রহণকারী যখন টমকে জিজ্ঞেস করেন, ঠাকুমার মতো পরিবারের অন্য সদস্যদেরও কি বিষয়টি এভাবে বুঝিয়ে বলতে হয়েছিল? জবাবে টম অত্যন্ত চতুরতার সাথে বলেন, ‘না, কারণ ওরা সবাই সেখানে উপস্থিত ছিল।’ অভিনেতার এই একটি মন্তব্যই বিনোদন দুনিয়ায় পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে যে, দুই পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতে তাদের বিয়ের গোপন আয়োজন সত্যিই সম্পন্ন হয়েছে। তবে চতুর এই অভিনেতা এর চেয়ে বেশি কোনো তথ্য দিতে রাজি হননি এবং স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এই বিষয়ে এর বাইরে আর কিছুই জানা যাবে না।

নিজেদের ব্যক্তিগত জীবনকে বরাবরই প্রচারের আলো থেকে দূরে রাখতে পছন্দ করেন এই তারকা যুগল। তাই বিয়ের সুনির্দিষ্ট তারিখ, ভেন্যু বা অনুষ্ঠান কেমন ছিল, সে সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবরণ তারা প্রকাশ করেননি। উল্লেখ্য, ব্লকবাস্টার ‘স্পাইডার-ম্যান’ সিনেমার সেটে প্রথম পরিচয় হয়েছিল টম ও জেন্ডায়ার। সেখান থেকেই ধীরে ধীরে তাদের বন্ধুত্ব ও প্রেমের সম্পর্কের সূত্রপাত, যা ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে। এরপর ২০২৪ সালের শেষ নাগাদ এই জুটির বাগদানের খবর চাউর হয়। আর এবার টম হল্যান্ডের নিজের মুখের স্বীকারোক্তি সেই জল্পনার অবসান ঘটিয়ে ভক্তদের মাতাল করল নতুন আনন্দের জোয়ারে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর