হঠাৎ একদিন ফোনের কনট্যাক্ট লিস্টে চোখ পড়ে। শত শত নামের ভিড়ে কিছু নাম আর কখনো ডায়াল করা হয় না। অথচ একসময় সেই মানুষগুলোর সঙ্গে কথা না বললে দিন শেষ হতো না। সময়ের ধুলো জমে সম্পর্কের অনেক রং ফিকে হয়ে যায়, কিন্তু কিছু সম্পর্ক থাকে,যেগুলো দূরত্বে হারায় না, নীরবতাতেও ভাঙে না। সেই সম্পর্কের নামই বন্ধুত্ব।
আজ বন্ধু দিবস। এমন একটি দিন, যা আমাদের মনে করিয়ে দেয়, জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে অনেক সময় আত্মীয় নয়, পাশে দাঁড়ায় একজন বন্ধু। আনন্দের মুহূর্তে যে হাততালি দেয়, ব্যর্থতার দিনে যে কাঁধ বাড়িয়ে দেয়, আর কোনো কারণ ছাড়াই যে খোঁজ নেয়,সে-ই প্রকৃত বন্ধু।
বন্ধুত্বের কোনো বয়স নেই, নেই নির্দিষ্ট সংজ্ঞাও। শৈশবের বেঞ্চ ভাগাভাগি করা সহপাঠী, বিশ্ববিদ্যালয়ের আড্ডাসঙ্গী, কর্মক্ষেত্রের সহকর্মী কিংবা জীবনের পথে হঠাৎ পরিচিত হওয়া কোনো মানুষ, যে কেউ হয়ে উঠতে পারে হৃদয়ের কাছের বন্ধু।
প্রযুক্তির এই সময়ে যোগাযোগ সহজ হয়েছে কিন্তু সম্পর্কের গভীরতা অনেক ক্ষেত্রেই কমেছে। ব্যস্ততা, দূরত্ব আর দায়িত্বের চাপে বন্ধুদের সঙ্গে দেখা হয় কম, কথা হয় আরও কম। তবু একটি ছোট্ট বার্তা ‘কেমন আছিস?’ অনেক সময় বছরের দূরত্বও মুহূর্তে মুছে দিতে পারে।
বন্ধুত্ব মানে শুধু হাসি-আনন্দ নয়; এটি বিশ্বাস, সম্মান, সহমর্মিতা আর নিঃস্বার্থ পাশে থাকার এক অনন্য প্রতিশ্রুতি। সত্যিকারের বন্ধুরা আমাদের সাফল্যে গর্বিত হয়, ভুল হলে শাসনও করে, আবার প্রয়োজন হলে নীরবে শক্তি হয়ে পাশে দাঁড়ায়।
বন্ধু দিবস তাই শুধু শুভেচ্ছা বিনিময়ের দিন নয়। এটি পুরোনো সম্পর্কগুলোকে নতুন করে ছুঁয়ে দেখার দিন, অভিমান ভেঙে কথা বলার দিন, আর জীবনের ব্যস্ততার মাঝেও প্রিয় মানুষদের মনে করিয়ে দেওয়ার দিন ‘তুই আছিস বলেই জীবনটা একটু বেশি সুন্দর।’
আজকের দিনে হয়তো সবচেয়ে মূল্যবান উপহার কোনো দামি উপহার নয়; বরং একটি ফোনকল, একটি আন্তরিক বার্তা কিংবা এক কাপ চায়ের আড্ডা। কারণ সময়ের সঙ্গে অনেক কিছু বদলে যায়, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব থেকে যায় হৃদয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয় হয়ে।