Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দিনাজপুরে রেললাইনে আটকে পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, চালক আহত

লোকাল করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ১৩:০০ | আপডেট: ৪ মার্চ ২০২৬ ১৩:০৪

ট্রেনের ধাক্কায় বিধ্বস্ত ট্রাকটি।

হিলি: দিনাজপুরের বিরামপুর রেলস্টেশন থেকে প্রায় ১ থেকে দেড় কিলোমিটার দূরে বিরামপুর রেলগেট এলাকায় রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ট্রাকচালক আহত হয়েছেন। এ ঘটনায় ট্রেনের যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত প্রায় সাড়ে ১১টার দিকে বিরামপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেললাইনের ওপর বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ট্রেন ধাক্কা দিলে চালক মাথায় আঘাত পান। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘটনার পর ট্রাকের সহকারী (হেলপার) পালিয়ে যান।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী মিনহাজুল ইসলাম বলেন, আমার চোখের সামনেই ঘটনাটি ঘটেছে। চিলাহাটি থেকে খুলনাগামী ট্রেনটি আসার সংকেত পেয়ে গেটম্যান দুই পাশের রাস্তা বন্ধ করে দেন। তিনি ট্রাকচালককে বারবার চিৎকার করে গাড়িটি সরিয়ে নিতে বলেন, কিন্তু চালক ট্রাকটি চালু করতে পারেননি। এর মধ্যেই সহকারী পালিয়ে গেলেও চালক শেষ মুহূর্তে নামার চেষ্টা করেন। ট্রেন এসে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর কিছুক্ষণ ট্রেন চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে রেল যোগাযোগ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর