Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে শিক্ষার্থী হত্যা: দেড় যুগ পর ৫ জনের মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ২৩:২৬ | আপডেট: ৬ এপ্রিল ২০২৬ ০০:৪৩

চট্টগ্রাম: দেড় যুগ আগে ফসিউর রহমান শাওন নামে এক শিক্ষার্থীকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার ঘটনায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৫ এপ্রিল) বিকেলে ষষ্ঠ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আককাসের আদালত রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- বেল্লাল হোসেন, জাকির হোসেন, শহীদ রাজা, আল আমিন গাজী ও মো. সোহেল। আদালত একই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা করার নির্দেশ দিয়েছেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রাকিব উদ্দীন জানান, ১০ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অপর ১০ জন আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে আল আমিন গাজী ও মো. সোহেল পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বাকী ৩ জন আদালতে উপস্থিত থাকায় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মামলার নথি অনুযায়ী, ২০০৭ সালের ২৪ জুলাই চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার বাদশা মিয়া সড়ক এলাকা থেকে শিক্ষার্থী ফসিউর রহমান শাওনের (২৭) মরদেহ উদ্ধার করা হয়। তিনি বাসা থেকে জিইসি মোড়ে কোচিংতে যাওয়ার পথে ‘গামছা পার্টি’ নামে পরিচিত চক্রের শিকার হন। মামলার তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করে এবং ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

উল্লেখ্য, ওই সময় নগরীতে সক্রিয় ‘গামছা পার্টি’ চক্র যাত্রীদের কাছ থেকে মালামাল লুট করে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করত। পরে চক্রের সদস্যদের গ্রেফতারের পর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হয়।

সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর