Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনে অপহরণের পর মুক্তিপণ দিয়ে ফিরলেন ১১ জেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২৬ ১৭:১৯

বনদস্যুদের হাত থেকে ফিরে আসা এক জেলে।

বাগেরহাট: পূর্ব সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ১১ জেলে সাতদিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন বলে অভিযোগ উঠেছে। জেলেদের পরিবারের দাবি, তাদের মুক্তির জন্য মোট ৭ লাখ টাকা মুক্তিপণ দিতে হয়েছে।

শুক্রবার (৮ মে) ভোররাতে ওই জেলেরা ফিরে এসেছেন।

ফিরে আসা জেলেরা জানান, গত ৩ মে রাতে পূর্ব সুন্দরবনের আলোরকোল এলাকায় মাছ ধরার সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে। পরে তাদের পায়ে শিকল পরিয়ে আটকে রাখা হয়।

জিম্মিদশা থেকে ফিরে আসা শরণখোলার উত্তর রাজাপুর গ্রামের জেলে রুবেল হাওলাদার (৩০) বলেন, তাকে ও আরও ১০ জেলেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী আটক করার পর ৫ মে শরীফ বহিনী জাহাঙ্গীর বাহিনীর সঙ্গে গুলি বিনিময় করে। এ ঘটনায় জাহাঙ্গীর বাহিনীর কবল থেকে শরীফ বাহিনী তাদের ছিনিয়ে নেয়। পরে সুন্দরবনের অজ্ঞাতস্থানে তাদের আটকে রাখা হয়। অবশেষে মুক্তিপণ পেয়ে শরীফ বাহিনী তাদের ১১ জনকে শুক্রবার ভোররাতে নৌকায় করে এনে তাদের সুন্দরবনের ধানসাগর আড়ুয়াবয়ার নদীর মোহনায় নামিয়ে দিয়ে যায়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, পরে প্রায় ৩-৪ কিলোমিটার হেঁটে বাড়ি ফেরেন তারা। অপহরণের সময় জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের মারধর করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

ফিরে আসা অন্য জেলেরা হলেন—উত্তর রাজাপুর গ্রামের সগির (৩২), রাকিব (২৩), লুৎফর হাওলাদার (৩০), বাদল হাওলাদার (৩৫), সজিব হাওলাদার (২৭), হাফিজুল (২২), আলমগীর ফরাজী (৫০), ইয়াসিন হাওলাদার (২৩), পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইস গেট এলাকার রুবেল (২৫) এবং খুলনার বটিয়াঘাটার দেব চন্দ্র (২৫)।

নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাজন ও মৎস্য ব্যবসায়ী বলেন, ‘দস্যুরা প্রথমে জনপ্রতি এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে দর কষাকষির পর জনপ্রতি ৭০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করা হয়। এরপর জেলেদের ছেড়ে দেওয়া হয়।’

এ ছাড়াও তিনি জানান, সুন্দরবনে মাছ ধরতে গিয়ে পুনরায় বিপদে পড়ার আশঙ্কায় জেলেরা সাধারণত এসব ঘটনায় প্রকাশ্যে কথা বলতে চান না।

এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মো. শামিনুল হক জানান, সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ১১ জেলে ফিরে আসার খবর তার জানা নেই। কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
১ জুলাই ২০২৬ ১৩:০২

আরো

সম্পর্কিত খবর