Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় ভিজিএফের ৪৬৭ বস্তা চাল নিয়ে ডুবে গেল দুই নৌকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৬ ১৫:০২

নদীতে ডুবে যাওয়া চাল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে স্থানীয়রা।

গাইবান্ধা: জেলার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চালবোঝাই দুটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টার দিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চরাঞ্চলীয় এরেন্ডাবাড়ী ইউনিয়নের জন্য সরকারি বরাদ্দকৃত ভিজিএফের প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ৪৬৭ বস্তা চাল বুধবার বালাসীঘাটে এনে রাখা হয়। পরে চালগুলো ইউনিয়নে পৌঁছে দেওয়ার জন্য তিনটি নৌকায় তোলা হয়।

পরে বৃহস্পতিবার (২১ মে) সকালে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার মধ্যে নৌকাগুলো নদীপথে রওনা হওয়ার প্রস্তুতিকালে প্রবল বাতাস ও বৈরী আবহাওয়ার কারণে তা ডুবে যায়। এতে বিপুল পরিমাণ চাল নদীতে তলিয়ে যায়। ঘটনার পর স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা চাল উদ্ধারের চেষ্টা চালান।

বিজ্ঞাপন

এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, ‘পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দুস্থদের মাঝে বিতরণের জন্য সরকারি ভিজিএফের চাল আনা হয়েছিল। সকালে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে নৌকা দুটি ডুবে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং চাল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’