Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বৃষ্টির পানিতে ডুবো গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৬ ২২:৩৬

প্রতীকী ছবি।

রংপুর: নতুন জামা, স্বজনদের সান্নিধ্য আর গ্রামবাংলার আনন্দঘন পরিবেশে কাটছিল তাদের সময়। ঈদের আনন্দ ভাগাভাগি করতে নানা বাড়িতে বেড়াতে এসেছিল রুশা মনি (১৫) ও তার ছোট ভাই কাইফ (৫)। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে সেই আনন্দের বাড়ি পরিণত হলো শোকের জনপদে। রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বৃষ্টির পানিতে ডুবে থাকা একটি গর্তে পড়ে প্রাণ গেল দুই ভাই-বোনের। আর্তনাদে ভেঙে পড়েছেন স্বজনরা, শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

বুধবার (২৭ মে) বিকেলে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের মাজারেরপাড় এলাকায় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর নগরীর শিরিনপার্ক এলাকার বাসিন্দা রাসেল ও আদুরী দম্পতির মেয়ে রুশা মনি ও ছেলে কাইফ মঙ্গলবার (২৬ মে) মায়ের সঙ্গে গঙ্গাচড়ার কোলকোন্দ ইউনিয়নের মাজারেরপাড় এলাকায় নানা বাড়িতে বেড়াতে আসে।

বিজ্ঞাপন

নিহত শিশুদের নানা কাজী ইসলাম ও নানি ছকিনা বেগম জীবিকার তাগিদে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। ঈদুল আজহার ছুটিতে মেয়ের পরিবারকে নিয়ে ঈদ করার উদ্দেশ্যে তারা ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফেরেন। সঙ্গে নিয়ে আসেন নাতি-নাতনি, মেয়ে আদুরী বেগম ও জামাইয়ের জন্য কেনা ঈদের নতুন কাপড়চোপড়।

স্বজনরা জানান, বুধবার বিকেলে মেয়ের জামাই রাসেল শ্বশুরবাড়িতে এসে পরিবারের সঙ্গে খাওয়া-দাওয়া করেন। পরে রংপুর নগরীতে ফেরার কথা ছিল তার। এর মধ্যেই বাড়ির পেছনে খেলতে যায় রুশা মনি ও কাইফ। এক পর্যায়ে বৃষ্টির পানিতে ডুবে থাকা একটি গর্তে পড়ে যায় ছোট্ট কাইফ। ছোট ভাইকে ডুবতে দেখে তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় বড় বোন রুশা মনি। কিন্তু সাঁতার না জানায় দু’জনেই পানিতে তলিয়ে যায়।

স্থানীয় এক শিশুর চিৎকারে বিষয়টি জানতে পারেন আশপাশের লোকজন। পরে দ্রুত দুই ভাই-বোনকে উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আনিচা বেগম বলেন, ‘হাসপাতালে আনার পর শিশু দুটিকে আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করি। তাদের শরীরে জীবনের কোনো সাড়া পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর