Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টেকনাফের সিমান্ত সড়কজুড়ে কালেমা লেখা পতাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৬ ১১:১০

​কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সীমান্ত এলাকায় হঠাৎ করে সড়কের দুই পাশে সারি সারি কালেমা লেখা সাদা পতাকা টাঙানোর ঘটনা ঘটেছে।

শনিবার (২৭ জুন) বিকেলে চোখে পড়া এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে স্থানীয় প্রশাসন ও পুলিশ।

​প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে মাদরাসা পড়ুয়া একদল তরুণ ও যুবক শাহপরীর দ্বীপের বিভিন্ন রাস্তা এবং নাফ নদীর জেটিঘাট এলাকায় সারি সারি কালেমা খচিত সাদা পতাকা টাঙিয়ে দেয়। এ সময় অনেকে পতাকা উত্তোলনের ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন।

​পতাকা উত্তোলনের নেপথ্যে থাকা ‘আল হিদায়া ছাত্র সংগঠন’-এর দাবি, সম্পূর্ণ ধর্মীয় আবেগ ও ভালোবাসা থেকে তারা এই উদ্যোগ নিয়েছেন। সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আসেম বিল্লাহ তাহেরী জানান, দেশের বিভিন্ন স্থানে এই পতাকা উত্তোলনের ধারাবাহিকতায় টেকনাফ সীমান্তেও তা করা হয়েছে। এর পেছনে অন্য কোনো রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্য নেই বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

​একই কথা জানিয়েছেন শাহপরীর দ্বীপের এশা’আতুল ইসলাম ফোরকানিয়া মাদরাসার শিক্ষক আনসারুল হক। তিনি বলেন, ‘ইসলামের প্রতি ভালোবাসা থেকেই আমরা এতে অংশ নিয়েছি।’ তবে বর্তমানে হঠাৎ করে এই পতাকা উত্তোলনের নির্দিষ্ট কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে সংশ্লিষ্টরা সুনির্দিষ্ট কোনো উত্তর দিতে পারেননি।

​ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক বাসিন্দা এই হঠাৎ কর্মকাণ্ডের পেছনে কোনো রহস্য আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মন্নান জানিয়েছেন, ইউনিয়নের বিভিন্ন স্থানে এই পতাকা দেখা গেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

​টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, পুলিশ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং খোঁজখবর নেওয়া হচ্ছে। এরই মধ্যে কিছু পতাকা সরিয়ে ফেলার খবরও পাওয়া গেছে। যদিও আয়োজকদের অভিযোগ, কিছু পতাকা কে বা কারা সরিয়ে নেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রয়োজনে আবারও পতাকা উত্তোলনের কথা জানিয়েছেন।

​উল্লেখ্য যে, এর আগে দেশের বিভিন্ন জেলায় একই ধরনের পতাকা উত্তোলনের খবর পাওয়া গিয়েছিল। টেকনাফের এই সীমান্ত এলাকায় বিষয়টি স্পর্শকাতর হওয়ায় স্থানীয় প্রশাসন এখন পুরো পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রেখেছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর