সিরাজগঞ্জ: জেলায় পৃথক দুটি মাদক মামলায় ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে অর্থদণ্ড ও অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩য় আদালতের বিচারক মো. নজরুল ইসলাম পৃথক দুটি মাদক মামলার শুনানি শেষে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ঝিনাইদহ জেলার যাদবপুর গ্রামের ট্রাকচালক কাজী বুলবুল হোসেন, একই জেলার ডেরবা সাতপোতা গ্রামের ট্রাক হেলপার কবির হোসেন, সিরাজগঞ্জ পৌর এলাকার শাহেদনগর ব্যাপারীপাড়া মহল্লার সুজন শেখ এবং সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা গ্রামের মাসুদ রানা বাবু।
আদালত সূত্রে জানা যায়, একটি মামলায় আসামি সুজন শেখ ও মাসুদ রানা বাবুকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ না করলে তাদের আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অপর মামলায় কাজী বুলবুল হোসেন ও কবির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
সিরাজগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হামিদুল ইসলাম দুলাল বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিদের বিরুদ্ধে এ রায় দিয়েছেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর সিরাজগঞ্জ সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, শহরের মিলন মোড় এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত রয়েছে।
পরে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজন শেখ পালানোর চেষ্টা করেন। এ সময় ডিবি পুলিশ তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে পাঁচটি বুপ্রেনরফিন ইনজেকশন (অ্যাম্পল) উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে সুজন শেখের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানা বাবুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০টি বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।
অন্যদিকে অপর একটি মাদক মামলায় ঝিনাইদহের ট্রাকচালক কাজী বুলবুল হোসেন ও ট্রাক হেলপার কবির হোসেনের বিরুদ্ধে মাদক পরিবহনের অভিযোগ আনা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।