ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় পুর্ব বিরোধের জের ধরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে সুমন শেখ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) রাত ৮টার দিকে উপজেলার পূর্ব হাসামদিয়া ও কাপুড়িয়া সদরদী গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত সুমন শেখ কাপুড়িয়া সদরদী গ্রামের মিলন শেখের ছেলে। তিনি একটি রেস্টুরেন্টে কর্মরত ছিলেন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে রাত ১১টার দিকে নিশ্চিত করেন নিহতের বড় ভাই জিহাদ শেখ।
স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার রাতে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে সুমন গুলি বিদ্ধ হয়। গুলিটি তার গলায় বিদ্ধ হয়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ রাখা হয়েছে। নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’