Friday 03 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেশাগ্রস্ত অবস্থায় মাকে মারধর, ছেলের এক বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৬ ২০:২৬

চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মদ্যপ অবস্থায় বয়োবৃদ্ধা মাকে মারধর ও নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাতে উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও নয়াদিঘীর পাড় এলাকায় এ অভিযান চালানো হয়।অভিযানে মাদকাসক্ত মো. কামাল উদ্দিন (৪৪)কে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

জানা গেছে, কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে মদ্যপ অবস্থায় বয়োবৃদ্ধা মা ও পরিবারের অন্যান্য সদস্যদের মারধর ও নির্যাতন করে আসছিলেন। বিষয়টি স্থানীয়ভাবে প্রশাসনকে জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকনের নেতৃত্বে পুলিশের সহায়তায় গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই বৃদ্ধা মা কামাল উদ্দিনের দীর্ঘদিনের নির্যাতনের বর্ণনা দেন। এ সময় তাঁর বসতঘর থেকে মাদক সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। পরে অভিযোগের সত্যতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট আইনে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, অভিযানে মাদকাসক্ত ছেলেকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদক, জুয়া ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসএন/এসএস