সাতক্ষীরা: সুন্দরবনের ৩ মাসের প্রবেশ নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ শিকার করার সময় ৫ জেলেকে আটক করেছে বন বিভাগ। পরে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে আড়পাঙ্গাশিয়া নদীর টেকের খাল এলাকা হতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন কোবাদক ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা শেখ মো. আনিচুর রহমান।
আটক জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার নাপিতখালী গ্রামের সাদ্দাম (৩২) ফরহাদ (২২) আসাদুল (১৯) আমিরুল (২৭) ও আরাফাত (২৪)। এরা ৫ জনই আপন ভাই।
বন বিভাগ সূত্রে জানা যায়, কোবাদক ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা টহলের সময়ে সুন্দরবনের একটি খালে অভিযান পরিচালনা করেন। এ সময় একটি মাছ ধরার ছোট ইঞ্জিনচালিত ট্রলারে পাঁচ জেলেকে মাছ শিকার করতে দেখে তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের নিকট হতে নিষিদ্ধ ঘাই জাল, মাছ শিকারের সরঞ্জাম সহ ১ টি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়েছে।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।