Tuesday 07 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে রেকর্ড বৃষ্টিতে জলাবদ্ধতা, র‌্যাপিড রেসপন্স টিম গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৬ ২৩:০০

বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগে নগরবাসী। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম: চট্টগ্রামে ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত জরুরি সেবা নিশ্চিত করতে ১০১ সদস্যের র‌্যাপিড রেসপন্স টিম গঠন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে নগরীর চসিক কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

সভায় তিনি বলেন, চসিক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সমন্বয়ে গঠিত ১০১ সদস্যের এ র‌্যাপিড রেসপন্স টিম দুর্যোগকালীন সময়ে দ্রুত সাড়া দিয়ে জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করবে। কমিটিতে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিনকে আহ্বায়ক এবং চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদকে সদস্য সচিব করা হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় রেড ক্রিসেন্টের পক্ষ থেকে নগরবাসীকে যেকোনো জরুরি সহযোগিতার জন্য ০১৮০৫-৭৮৩৩৮৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।

মেয়র বলেন, ‘আমরা রেড ক্রিসেন্টের ভলান্টিয়ারদের সহযোগিতায় একটি সার্বক্ষণিক মনিটরিং সেল গঠন করেছি। যেকোনো দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে এ র‌্যাপিড রেসপন্স টিম তাৎক্ষণিকভাবে মাঠে কাজ করবে।’

এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, কাতালগঞ্জ, টাইগারপাস, পাঁচলাইশসহ বিভিন্ন জলাবদ্ধতাপ্রবণ ও পাহাড়ঘেরা এলাকা সরেজমিন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এসময় তিনি নগরবাসীর সঙ্গে কথা বলেন এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দ্রুত আশ্রয়কেন্দ্রে বা নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানান। মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি জোরদার এবং প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

চট্টগ্রাম নগরীতে গত ২৪ ঘণ্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টি ঝরার তথ্য দিয়েছে আবহাওয়া অধিদফতর, যা ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ১৯৮৩ সালের ৪ অগাস্ট চট্টগ্রামে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছিল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর