বাগেরহাট: সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা ৯ ফুট লম্বা একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে। অজগরটি বিকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালি টহল ফাঁড়ি এলাকায় অবমুক্ত করা হয়।
সোমবার (১৩ জুলাই) সকালে মোরেলগঞ্জে উপজেলার কেসি চালিতাবুনিয়া গ্রামে মাছ ধরার বুছনা জালে আটকা পড়া অবস্থা থেকে সাপটি উদ্ধার করা হয়।
উত্তেজিত জনতা সাপটিকে পিটিয়ে মেরে ফেলতে গেলে রাসেল কবিরাজ নামের এক বন্যপ্রাণী প্রেমী ঘটনাস্থলে পৌঁছে সেটিকে নিরাপদে উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাগেরহাটের মডেলগঞ্জের কেসি চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমান হাওলাদার খালে পেতে রাখা তার বুছনা জাল তুলতে যান। এ সময় জালের ভেতর বিশাল অজগরটি প্যাঁচিয়ে থাকতে দেখে তিনি চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে আসে। লোকালয়ে সাপ আসার খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে উত্তেজিত জনতা সাপটিকে পিটিয়ে মারার উদ্যোগ নেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বন্যপ্রাণী প্রেমী রাসেল কবিরাজ। তিনি স্থানীয়দের বুঝিয়ে শান্ত করেন এবং নিজের ঝুঁকিতে অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।
উদ্ধারকারী রাসেল কবিরাজ জানান, ‘অজগরটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন আনুমানিক ২০ কেজি। সুন্দরবন থেকে নদী পার হয়ে সাপটি লোকালয়ে চলে এসেছিল। জালের ভেতর সাপটি দেখে স্থানীয় লোকজন এটিকে মেরে ফেলতে যাচ্ছিল। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাদের সচেতন করি এবং সাপটি উদ্ধার করি। বন্যপ্রাণী আমাদের জাতীয় সম্পদ, এদের রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।’
এদিকে উদ্ধারের পর অজগরটি মোরেলগঞ্জ উপজেলা সদরে নিয়ে আসা হলে তা দেখতে উৎসুক জনতার ঢল নামে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী টহল ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম জানান, খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে অজগরটি তাদের হেফাজতে নিয়েছে। সাপটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। সোমবার বিকালের দিকেই সুন্দরবনের গুলিশাখালি টহল ফাঁড়ির বনরক্ষীরা অজগরটি অবমুক্ত করেছেন।