Tuesday 14 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনিয়মের অভিযোগে রাজবাড়ীর ২ ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৬ ১১:৫৯

সাময়িক বরখাস্ত হওয়া দুই চেয়ারম্যান।

রাজবাড়ী: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য (চাল) বিতরণে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজবাড়ীর কালুখালী উপজেলার দু’টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

বরখাস্ত হওয়া জনপ্রতিনিধিরা হলেন রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন এবং মদাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য (চাল) বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। বিষয়টি ইউনিয়ন পরিষদ এবং জনস্বার্থের পরিপন্থী হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ (৪) ধারার (খ) ও (ঘ) অনুযায়ী অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে। এ কারণে একই আইনের ৩৪ (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের স্বীয় পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দীন বলেন, ‘গত ১২ জুলাই বরখাস্তের প্রজ্ঞাপন উপজেলা প্রশাসনের হাতে পৌঁছেছে। বর্তমানে দুই ইউনিয়নেই চেয়ারম্যানের পদ শূন্য রয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী বিধি মোতাবেক ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘ইউনিয়ন পরিষদের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

উল্লেখ্য, সম্প্রতি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে সম্মাননা পেয়েছেন মদাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর