বান্দরবান: জেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও অবকাঠামো দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় তিনি বান্দরবান সদরের বালাঘাটা কেএসপ্রু পাড়া আম বাগান এলাকায় বন্যায় আশ্রয়হীন হয়ে পড়া দুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ বিতরণ শেষে প্রতিমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার বন্যাদুর্গত প্রতিটি মানুষের পাশে আছে। এই দুর্যোগে কেউ যেন কষ্ট না পায় সেজন্য ত্রাণ ও চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও অবকাঠামো দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।’
এসময় বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী, সংরক্ষিত মহিলা এমপি এ্যাড. মাধবী মারমা, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দীন, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার ওহাবুল ইসলাম, সদর ইউএনও মারুফা সুলতানা হীরামনি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গনি, যুগ্ম সম্পাদক সাশৈপ্রু, মংশৈহ্লাসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ত্রাণের প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি চিড়া, খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি ও শুকনো খাবার। প্রায় ৫০টি বন্যাকবলিত পরিবারের মাঝে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বান্দরবানে বন্যায় ৭০% এলাকা প্লাবিত হয়েছে। পাহাড় ধসে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১২ হাজার ৫০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলায় ২২০টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন প্রায় ৮ হাজার মানুষ।