নাটোর: জেলার গুরুদাসপুরে ঢাকাগামী পেঁয়াজ-রসুন বোঝাই ট্রাক বিপরীতমুখী বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার নয়াবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের সহকারীর নাম আফরোজ। তিনি নাটোর সদর থানার হয়বতপুর এলাকার মোহাম্মদ আনুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি বাস পাবনার রূপপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে নাটোরের হয়বতপুর থেকে রসুন ও পেয়াজ বোঝাই করে একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গুরুদাসপুর উপজেলার নয়াবাজার এলাকায় পৌঁছালে বাস ও ট্রাকটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার আফরোজ নিহত হন এবং বাসের ও ট্রাকের অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে তা স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।