ঢাকা: পাথর বোঝাই একটি ইঞ্জিনচালিত বাল্কহেড সিলেট থেকে রওনা হয়ে কক্সবাজার যাওয়ার পথে সন্দ্বীপ পার হয়ে কিছুদূর পর সাগরের উত্তাল ঢেউয়ে পানিতে ডুবে ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় অর্ধডুবন্ত বাল্কহেড নিয়ে সাগরে চারজন শ্রমিক ভাসছিলেন। পরে ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার করা হয় তাদের।
বুধবার (২২ জুলাই) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আজ (বুধবার) সকাল ১০টা ১১ মিনিটের দিকে সন্দ্বীপ কুমিরা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে রনি নামে একজন শ্রমিক ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তারা চারজন একটি পাথর বোঝাই ইঞ্জিনচালিত বাল্কহেডযোগে সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। সন্দ্বীপ পার হয়ে কিছুদূর যাওয়ার পর বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ে বাল্কহেডের ভেতর পানি ঢুকতে থাকে এবং পানিতে ডুবে ইঞ্জিন বিকল হয়ে যায়। বিকল অর্ধডুবন্ত বাল্কহেড নিয়ে সাগরে তারা চারজন শ্রমিক ভাসছিলেন।
আনোয়ার সাত্তার বলেন, ‘৯৯৯ নম্বর থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের জন্য কোস্ট গার্ড কন্ট্রোলরুমে জানানো হয়। সংবাদ পেয়ে সন্দ্বীপ কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল সন্দ্বীপ থেকে ৯.২৬ কি.মি. (৫ নটিক্যাল মাইল) দূরত্বে গভীর সমুদ্র এলাকা থেকে সমুদ্রে ভাসমান অবস্থায় চার শ্রমিককে উদ্ধার করে নিরাপদ স্থানে এনে তাদের মালিকের কাছে বুঝিয়ে দেয়। এরইমধ্যে পাথরবোঝাই বাল্কহেডটি নিমজ্জিত হয়ে যায়।’