নোয়াখালী: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় ইঞ্জিন বিকল হয়ে লবণবোঝাই একটি বাল্কহেড ডুবে মো. সাবের (৬৬) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাল্কহেডে থাকা আরও সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে হাতিয়া-সন্দ্বীপের মাঝামাঝি রোহিঙ্গা চরের পশ্চিমে বঙ্গোপসাগরের জাহাজ চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সাবের চট্টগ্রামের কর্ণফুলী থানার আবু আলীর ছেলে। তিনি ডুবে যাওয়া বাল্কহেডের বাবুর্চি ছিলেন।
চট্টগ্রাম বিভাগীয় কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের অর্থ-সম্পাদক আব্দুল কাদের বলেন, ‘বুধবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম থেকে লবণবোঝাই এমভি তানিম হাতিয়ার উদ্দেশে রওনা হয়। পরে হাতিয়া-সন্দ্বীপের মাঝামাঝি রোহিঙ্গা চরের পশ্চিমে বঙ্গোপসাগরের জাহাজ চ্যানেলে পৌঁছালে বাল্কহেডটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বলগেটটি ডুবে যায়। এ সময় কাছাকাছি থাকা মাছধরার ট্রলারের সহযোগিতায় বাল্কহেডে থাকা আট মাঝিকে উদ্ধার করে তীরে নেওয়া হয়। তবে সাগর উত্তাল থাকায় দুর্ঘটনাকবলিত বাল্কহেডটি সম্পূর্ণ তলিয়ে গেছে। দুপুরে বার্বুচি মো. সাবেরকে চট্টগ্রামে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুদ ফয়সাল জানান, দুর্ঘটনার বিষয়ে তাদের জানানো হয়নি। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।