ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম. নাজমুল হাসান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সচিবালয়স্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী বিদায়ী নৌবাহিনী প্রধানের দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনের প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন, পেশাগত উৎকর্ষ সাধন, সক্ষমতা বৃদ্ধি এবং একটি দক্ষ ও পেশাদার বাহিনী হিসেবে নৌবাহিনীকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ক্ষেত্রে নৌবাহিনী প্রধানের দূরদর্শী নেতৃত্ব, নিষ্ঠা ও গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন। দেশের সংকটকালে নৌবাহিনী প্রধান হিসেবে এডমিরাল নাজমুল হাসান দেশ ও জাতির কল্যাণে যে পদক্ষেপ গ্রহণ করেছেন, সময়ের প্রেক্ষাপটে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কল্যাণকর ছিল বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন।
এ ছাড়া, অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনকে সহায়তা ও সার্বিক নিরাপত্তা বজায় রাখতে নৌবাহিনীর অনবদ্য ভূমিকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিশেষে তিনি বিদায়ী নৌবাহিনী প্রধান ও তার পরিবারের সুস্থতা, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন।
অন্যদিকে বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম. নাজমুল হাসান তার দায়িত্ব পালনকালে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা, দিকনির্দেশনা ও আন্তরিক সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর এ সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।