টাঙ্গাইল: টাঙ্গাইলে পৃথক দুটি হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৩ জুলাই) দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এবং স্পেশাল জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দ্রনা এ রায় দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ সময় আরও দুই জনকে খালাস দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ী গ্রামের মফিজুল হকের ছেলে নাজিরুল ইসলাম জিহাদ (২৮) এবং দেলদুয়ার উপজেলার বর্নী গ্রামের সোহরাব হোসেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৮ জুন ভূঞাপুরের খাড়াবাড়ী গ্রামে আম পাড়ার বাঁশের লাঠি নিয়ে বিরোধের জেরে মেহেদী মোস্তফা রাজীবকে হত্যা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার অভিযুক্ত আসামি নাজমুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আসামিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, ২০২১ সালের ৫ মে দেলদুয়ার দক্ষিণ পাড়া গ্রামে হাজেরা বেগম (৬০) ও তার মেয়ে নাসরিন আক্তার (২২) এবং ভাগনে মোস্তফা রাতের খাবার খেয়ে একই ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোর মোস্তফা ফজরের নামাজ শেষে ঘরে এসে মা ও খালাকে ডাকাডাকি করে, কোনো সাড়া না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ি থেকে আনুমানিক ২০০ গজ দূরে পাট খেতে হাজেরা বেগম ও নাসরিনের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
এই ঘটনায় নিহত হাজেরা বেগমের ছেলে মোশারফ হোসেন বাদি হয়ে দেলদুয়ার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যায় জড়িত থাকায় সোহরাব হোসেনকে স্পেশাল জজ আদালতের বিচারক মৃত্যুদণ্ড দেন।