Thursday 23 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দখলদারদের রেখেই নদী খনন, গতিপথে বাধা থাকছেই

আল-আমিন খান রাব্বি, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৬ ১৯:২৪

কুষ্টিয়ায় চলছে হিসনা নদীর খনন কাজ। ছবি: সারাবাংলা

কুষ্টিয়া: জেলার ভেড়ামারা উপজেলার ওপর দিয়ে প্রবাহিত হিসনা ও সাগরখালী নদীর পুনঃখনন কাজ চলছে। তবে নদীর দুই তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ না করেই এই মেগা প্রকল্পের কাজ শুরু হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, অবৈধ দখলদারদের রেখে নামমাত্র খনন করলে নদী কখনোই স্বাভাবিক অবস্থায় ফিরবে না।

একসময় পালতোলা নৌকা ও স্টিমার চলাচল করা হিসনা নদী এখন দখল, দূষণ ও ভরাটের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং কৃষি, মৎস্য ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে সরকার হিসনা ও সাগরখালী নদী পুনঃখননের উদ্যোগ নেয়। প্রায় সাড়ে ৪২ কিলোমিটার নদী খননে ব্যয় ধরা হয়েছে ৪৮ কোটি টাকা। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে।

বিজ্ঞাপন

এলাকাবাসীর অভিযোগ, নদীর দুই তীরজুড়ে গড়ে ওঠা অসংখ্য অবৈধ স্থাপনা উচ্ছেদ না করেই খননকাজ পরিচালনা করা হচ্ছে। নদীর জায়গা দখল করে নির্মিত ভবন ও স্থাপনা দৃশ্যমান থাকলেও সেগুলোর বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত হবে বলে মনে করছেন তারা।

স্থানীয়দের ভাষ্য, অবৈধ দখল উচ্ছেদ ছাড়া শুধু নদীর মাঝে খনন করলে কিছুদিন পর আবারও নদী ভরাট হয়ে যাবে। তাই প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য খননের পাশাপাশি দখলদারদের উচ্ছেদ করাও জরুরি।

এ বিষয়ে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘অবৈধ দখলমুক্ত করেই ধাপে ধাপে হিসনা নদীর পুনঃখনন কাজ পরিচালনা করা হচ্ছে। প্রকল্পের সব কার্যক্রম সরকারি নির্দেশনা ও নীতিমালা অনুসরণ করে বাস্তবায়ন করা হচ্ছে।’

দখলদারদের রেখেয়ে নদী খনন বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান সারাবাংলাকে বলেন, ‘প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের। তবে বিষয়টি নিয়ে আমি অফিসিয়ালি খোঁজ-খবর নেব।’

উল্লেখ্য, পদ্মা নদী থেকে উৎপন্ন হয়ে কুষ্টিয়ার ভেড়ামারা ও দৌলতপুর অতিক্রম করে মেহেরপুরের গাংনী উপজেলার মাথাভাঙ্গা নদীতে মিলেছে প্রায় ৫৫ কিলোমিটার দীর্ঘ হিসনা নদী। স্থানীয় কৃষি, মৎস্যসম্পদ ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ এই নদীকে টেকসইভাবে পুনরুদ্ধারে খননের পাশাপাশি অবৈধ দখল উচ্ছেদের দাবি করেছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর