কক্সবাজার: কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ২৮ হাজার পিস ইয়াবাসহ এক সাবেক সেনাসদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাংলাদেশ সেনাবাহিনীর স্টিকার লাগানো একটি বিলাসবহুল ল্যান্ডক্রুজার জিপ গাড়ি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত নয়টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালের ৩ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম ওবায়দুল হাসান (৪১)। তিনি বগুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাগুপাড়া মন্ডলবাড়ির মৃত দেলোয়ার রহমানের ছেলে। ওবায়দুল হাসান সেনাবাহিনীর সাবেক ল্যান্স কর্পোরাল বলে জানা গেছে।
কক্সবাজার সদর মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।
অভিযানকালে সন্দেহভাজন হিসেবে সেনাবাহিনীর স্টিকার লাগানো ল্যান্ডক্রুজার গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরবর্তীতে গাড়ির ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা ওবায়দুল হাসানকে হাতেনাতে আটক করা হয়।
এই সময় মাদক বহনকারী গাড়িটি দ্রুত চলে যাওয়ার উদ্দেশে পুলিশের গাড়িতে ধাক্কা দেয় ও এক মোটর সাইকেল আরোহীকে আহত করে বলে জানা যায়।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুহাম্মদ আলী বলেন, ‘সেনাবাহিনীর স্টিকার ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক পাচারের চেষ্টা করা হচ্ছিল। খবর পেয়ে আমরা টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে গাড়িটি জব্দ এবং মাদকসহ আসামিকে আটক করতে সক্ষম হই।’
তিনি আরও বলেন, ‘আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।’