কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে নোয়াপাড়া রেজিস্টার্ড এফডিএমএন (রোহিঙ্গা) ক্যাম্প এলাকায় একাধিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে একটি সফল যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অস্ত্র, তাজা গুলি ও ইয়াবাসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত মোট ৯ জনকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বিজিবি, এপিবিএন, জেলা পুলিশ, কোস্ট গার্ড, আনসার, র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সমন্বয়ে নোয়াপাড়া ক্যাম্পে এই বিশেষ অভিযান চালানো হয়। বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মুবাশশির নাকীব তরফদারের নেতৃত্বে ৩০ সদস্যের একটি বিজিবি টহলদল অভিযানে অংশ নেয়।
অভিযানের সার্বিক দায়িত্বে ছিলেন ১৬ এপিবিএন-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), আরআরআরসি-এর প্রতিনিধি সিনিয়র সহকারী সচিব খানজাদা শাহরিয়ার মান্নান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রকিব এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইন্সপেক্টর সাইফুল ইসলাম উপস্থিত থেকে পুরো অভিযান পরিচালনা তদারকি করেন।
ক্যাম্পের বিভিন্ন ব্লকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সমন্বিত তল্লাশি চালিয়ে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ৯ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে একজনের কাছ থেকে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা গুলি ও ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অনলাইন জুয়ায় সম্পৃক্ত ৭ জন ও ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়েছে।