Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী-পুত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৬ ২১:২৫

কক্সবাজার: জেলার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও এক শিশুপুত্র নিহত হয়েছেন। এ ঘটনায় দম্পতির আরও এক সন্তান গুরুতর আহত হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাত আনুমানিক ৪টায় উখিয়া উপজেলার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কপি নুর (৩০) ও তার ছোট ছেলে মোহাম্মদ আনছার (৬)। আহত বড় ছেলে মোহাম্মদ সলিম (১০)। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পের নেতা দিল মুহাম্মদ জানান, অভিযুক্ত স্বামী মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। কিছুদিন আগে মাদকসংক্রান্ত ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পেছনে স্ত্রীকে সন্দেহ করে তিনি ক্ষুব্ধ ছিলেন। এর জেরে প্রথমে স্ত্রীকে ছুরিকাঘাত করেন। পরে সন্তানেরা বিষয়টি দেখে ফেলায় তাদের ওপরও হামলা চালান। এতে ঘটনাস্থলেই মা ও ছোট ছেলে নিহত হন। পরে অভিযুক্ত ব্যাক্তি পালিয়ে যান।

বিজ্ঞাপন

স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন এবং আহত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর