Saturday 25 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোলায় যাত্রীবাহী বাসচাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৬ ২১:১০ | আপডেট: ২৫ জুলাই ২০২৬ ২১:১৮

সড়কে পড়ে রয়েছে নিহত শিশুটির মরদেহ।

ভোলা: ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসচাপায় মাইশা আক্তার (৬) নামের এক শিশু নিহত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেল আনুমানিক ৫টার দিকে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের সৈনিক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাইশা একই উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সৈনিক বাজার এলাকার বাসিন্দা মো. বিল্লাল হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা সদরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে চরফ্যাশন উপজেলার দিকে যাচ্ছিল দ্রুতগতির ‘হাজারিগঞ্জ’ নামের বাসটি। এ সময় বাসটি সৈনিক বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পার হতে যাওয়া শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশুটি।

বিজ্ঞাপন

বাসটি পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা বাসটিকে আটক করে। এ সময় বিচারের দাবিতে শিশুটির মরদেহ সড়কে রেখেই গাছ ফেলে সড়ক অবরোধ করে প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ করে শিশুটির স্বজন ও স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

লালমাহন থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, ‘বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় হাজারিগঞ্জ নামের অভিযুক্ত বাসটিকে জব্দ করেছি। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর