যশোর: শহরের শংকরপুর চোপদারপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ শাহাদাত (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে র্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক শাহাদাত শংকরপুর বারেক সড়ক এলাকার শাহাজানের ছেলে।
র্যাব-৬ এর অধিনায়ক মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুর চোপদারপাড়া এলাকায় শাহাদাতের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। শাহাদাত তার নিজস্ব লেদে ওয়ান শুটারগান তৈরি করেন এবং বেনাপোল দিয়ে বিভিন্ন সময়ে বিদেশি অস্ত্র এনে বিক্রয় করে বলেও জনান তিনি। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরও জানান, শাহাদাত এর আগেও ডিবি পুলিশের হাতে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিল। তার বিরুদ্ধে আর কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।