যশোর: শহরের ষষ্ঠীতলা এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পোশাক, হ্যান্ডকাফ, ওয়াকি-টকি এবং দেশীয় ধারালো অস্ত্রসহ উজ্জ্বল (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (২ আগস্ট) গভীর রাতে শহরের ষষ্ঠীতলা এলাকার একটি তিনতলা ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার উজ্জ্বলের বাড়ি জেলার বেনাপোল এলাকায়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে শহরের ষষ্ঠীতলা এলাকার একটি তিনতলা ভবনে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভবনের একটি ফ্ল্যাট থেকে উজ্জ্বলকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত কক্ষে তল্লাশি চালিয়ে এক সেট বিজিবির পোশাক, দুটি সচল ওয়াকি-টকি, এক জোড়া হ্যান্ডকাফ, দুটি চাপাতি এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, গ্রেফতার উজ্জ্বলের বাড়ি বেনাপোল এলাকায়। উদ্ধার হওয়া সরঞ্জামগুলো কীভাবে তার কাছে এলো এবং আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি চলছিল কি না, সে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
পুলিশ জানায়, উজ্জ্বলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে। উদ্ধার হওয়া সরঞ্জাম ও অস্ত্র জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।