Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় ৩ ট্রাকচালকের কারাদণ্ড, প্রতিবাদে সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৬ ১৮:৫৪

ট্রাক শ্রমিকদের সড়ক অবরোধ।

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া বালুঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিন বালুবাহী ট্রাকচালককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে দু’টি ট্রাক জব্দ করা হয়। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন ট্রাক শ্রমিকেরা।

সোমবার (২৭ জুলাই) দুপুরে কুষ্টিয়া শহরের ত্রিমোহনী বাইপাস মোড়ে এ অবরোধ কর্মসূচি পালিত হয়।

এ সময় কুষ্টিয়া-পাবনা, কুষ্টিয়া-মেহেরপুর ও কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে মহাসড়কজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়ে শত শত যাত্রী ও যানচালকেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় মিরপুর উপজেলার তালবাড়ীয়া বালুঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানে তিন বালুবাহী ট্রাকচালককে আটক করে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে দু’টি ট্রাক জব্দ করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনার প্রতিবাদে ট্রাক শ্রমিকরা দণ্ডপ্রাপ্ত চালকদের মুক্তি, জব্দ করা ট্রাক ফেরত এবং শ্রমিকদের হয়রানি বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেন। তারা দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।

পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের পর শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করলে প্রায় দুই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর