Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে পরিবহন শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৬ ২০:২৬ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬ ২০:৫৬

– ছবি : সারাবাংলা

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর হালিশহরে পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ চার পুলিশ সদস্য এবং কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। সংঘর্ষের পর নগরীর কদমতলী ও অলংকার এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে হালিশহর ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার দুলহান কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনের ভোটগ্রহণের সময় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকাল থেকে ভোটগ্রহণ চলছিল। ভোটকেন্দ্রে অব্যবস্থাপনার কারণে ভোট দিতে দেরি হওয়া ও জাল ভোট দেওয়ার অভিযোগ তোলেন কয়েকজন শ্রমিক। এ নিয়ে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

বিজ্ঞাপন

পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

শ্রমিকদের দাবি, নির্বাচনে ভোটার ৩ হাজার ৫৬১ জন। ভোট গ্রহণের জন্য ভোটারদের নম্বর অনুযায়ী আলাদা বুথ করার কথা থাকলেও সঠিক ব্যবস্থাপনা করা হয়নি। ফলে সকাল থেকেই ভোটকেন্দ্রে দীর্ঘ জটলা ও বিশৃঙ্খলা তৈরি হয়। এতে বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ শ্রমিকদেরও ভোগান্তিতে পড়তে হয়েছে।

– ছবি : সারাবাংলা

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, সংঘর্ষে তিনি ছাড়াও আরও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা বর্তমানে দামপাড়া পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। ভোটকেন্দ্রে অব্যবস্থাপনা নিয়ে শ্রমিকদের ক্ষোভ থেকেই ঘটনার সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।

সংঘর্ষের পর শ্রমিকরা নগরীর কদমতলী ও অলংকার এলাকায় সড়ক অবরোধ করেন। এসব এলাকা থেকে চট্টগ্রাম-ঢাকাসহ বিভিন্ন রুটের বাস চলাচল করে।

অবরোধের সময় সড়কে বাঁশে আগুন দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে দুই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর