Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিকদার হাসপাতালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ চোরচক্রের ৩ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৬ ১২:৫৮ | আপডেট: ২৯ জুলাই ২০২৬ ১৬:৪৭

আটক হওয়া চোরচক্রের তিন সদস্য।

ঢাকা: ঢাকার শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে আনসার সদস্যদের অভিযানে সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) আনসার ও ভিডিপি সদর দফতরের (গণসংযোগ শাখা) সার্কেল এ্যাডজুটেন্ট মো. শহিদুজ্জামান রাজু এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) দক্ষিণ জোনের আওতাধীন শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ৫-৬ সদস্যের একটি সংঘবদ্ধ চোরচক্র মালামাল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় দায়িত্ব পালনরত আনসার সদস্যরা তাদের ধাওয়া করলে চোরচক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর চোরচক্রটি পুনরায় হাসপাতাল এলাকায় ফিরে এসে আনসার সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে। তবে আনসার সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ক্যাম্পে অবস্থানরত অন্যান্য আনসার সদস্যদের নিয়ে তাৎক্ষণিকভাবে এক সমন্বিত অভিযান পরিচালনা করেন।’

বিজ্ঞাপন

শহিদুজ্জামান রাজু বলেন, ‘অভিযানের একপর্যায়ে ধাওয়া করে দেশীয় অস্ত্রসহ চোরচক্রের তিন সদস্য মো. রনি (২২), সাব্বির (২২) ও সালামকে (২১) হাতেনাতে আটক করা হয়। এ সময় চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার হওয়া চাপাতিটি জব্দ করা হয়। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশক্রমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।’

তিনি বলেন, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতকরণ, চুরি-ছিনতাই, দালালচক্র এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।’

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর