Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো চক্রের ২ সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৬ ১৯:৪৩ | আপডেট: ২৯ জুলাই ২০২৬ ২০:১৮

গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো চক্রের ২ সদস্য গ্রেফতার

গাইবান্ধা: জেলায় বিশেষ অভিযান চালিয়ে অনলাইন ক্যাসিনো জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ার এজেন্ট অ্যাকাউন্ট ও বিভিন্ন জুয়ার অ্যাপস সংবলিত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিন এ তথ্য জানান।

গ্রেফতার দুইজন হলেন— গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী দুলালের ভিটা গ্রামের মো. আলম মিয়ার ছেলে মো. আরিফুল ইসলাম আরিফ (৩২) এবং মৃত শফিউল ইসলামের ছেলে মো. সাগির আলম (৩১)।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী দুলালের ভিটা এলাকায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওই দুইজনকে গ্রেফতার করে। পরে তাদের হেফাজতে থাকা দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোন দুটি পর্যালোচনা করে অনলাইন ক্যাসিনো জুয়ার এজেন্ট অ্যাকাউন্ট এবং অনলাইন জুয়া পরিচালনার বিভিন্ন অ্যাপসের অস্তিত্ব পাওয়া যায়। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬, ১৯, ২৩, ২৫ ও ২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেফতারকৃত দুইজন এলাকায় অনলাইন ক্যাসিনো চক্রের সক্রিয় সদস্য এবং ‘অনলাইন ক্যাসিনোর সম্রাট’ নামে পরিচিত।

প্রেস ব্রিফিংয়ে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেন, ‘অনলাইন জুয়া ও ক্যাসিনো কার্যক্রমের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজে এ ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর