সুনামগঞ্জ: জেলার ছাতকে সড়ক দুর্ঘটনায় রজব আলী (৫০) ও মো. নুর উদ্দিন (৩৫) নামে দুইজন সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাতুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী লেনে পার্ক করে রাখা একটি ট্রাক (মেট্রো-ড-১১-৩১৬৪) এর পেছনে দ্রুতগতিতে এসে একটি নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। এতে সিএনজি চালিত অটোরিকশার যাত্রী নুর উদ্দিন (৩৫) ঘটনাস্থলে মারা যান। তিনি দোলারবাজার ইউনিয়নের জটি গ্রামের বাসিন্দা। গুরতর আহত মো. রজব আলীকে (৫০) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি দোলারবাজার ইউনিয়নের কল্যাণপুর গ্রামের বাসিন্দা।
জয়কলস হাইওয়ে থানার এসআই জহিরুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আহত সিএনজিচালকসহ ৩ যাত্রীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন।
এস আই জহিরুল ইসলাম দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা জয়কলস হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’