চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে শিবগঞ্জ থানা পুলিশ এক অভিযানে তাদের গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সার্বিক দিকনির্দেশনায় মাদক, চোরাচালান, দস্যুতা ও ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসেবে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এসআই (নিরস্ত্র) মো. শাহাদত আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার মোবারকপুর ইউনিয়নের কানসাট-গোমস্তাপুর সড়কের মিনু বাজার এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ভোলাহাট উপজেলার ছোটো জামবাড়িয়া গ্রামের মো. রাসেল (২৭), শিবগঞ্জ উপজেলার দারিগাছা গ্রামের মো. রুবেল (২২) এবং পলাশবাড়ী আড়গাড়াহাট এলাকার মো. কানু ডাকাত ওরফে কালু ওরফে সোনদ্দী (৪৭)। অভিযানকালে তাদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ‘জননিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ নিয়ন্ত্রণে শিবগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।’