সুনামগঞ্জ: জেলার জগন্নাথপুরে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে অরুণ দেবনাথ নামে একজন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
শনিবার (১ আগস্ট) দুপুরের দিকে হাওর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরের বালুচর নামক এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন— জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত যগীন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেব নাথ, একই এলাকার মৃত সুবল দেবনাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী ও মৃত অনিল দেব নাথের ছেলে অধীর দেবনাথ।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৮টায় জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার ১০ জন মানুষ নৌকাযোগে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় কীর্তন অনুষ্ঠানে যান। কীর্তন শেষে রাত সাড়ে ৩টায় বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর নামক স্থানে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা ১০ জনের মধ্যে ছয়জন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও চারজন নিখোঁজ হন।
শনিবার বেলা ১১টার দিকে নিখোঁজ চারজনের মধ্যে অরুণ দেবনাথের মরদেহ উদ্ধার করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করছেন। তবে এখনও নিখোঁজ বাকি তিনজনের সন্ধান পাওয়া যায়নি।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘মইয়ার হাওরে নৌকাডুবিতে চারজন নিখোঁজ ছিলেন, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বয়ে উদ্ধার অভিযান চলছে।’
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন বলেন, ‘ভোর রাতে নৌকাডুবিতে চারজন নিখোঁজ হয়েছিলেন। হাওর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানের জন্য সিলেট ফায়ার সার্ভিসকে অনুরোধ করা হয়েছে।’