Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গায় ১৩ কোটি টাকার সোনার বারসহ পাচারকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৬ ২১:১২

উদ্ধার হওয়া সোনার বার ও আটক হওয়া ব্যক্তি।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী পারকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে ৬ কেজি ৯৬৮ গ্রাম ওজনের ৩৯টি অবৈধ সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবি-৬ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এসব সোনা উদ্ধার করেন। আটক হওয়া ব্যক্তির নাম রবিউল ইসলাম (৩৪)। তিনি দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আহাম্মদ আলী বিশ্বাসের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সীমান্তবর্তী পারকৃষ্ণপুর গ্রাম থেকে ভারতে সোনা পাচার হবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় সীমান্ত পিলার ৭৮-এর দিকে মোটরসাইকেলে করে এক ব্যক্তিকে যেতে দেখে তাকে থামানো হয়। পরে তার দেহ তল্লাশি করে বিভিন্ন আকারের ৩৯টি অবৈধ সোনার বার উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, উদ্ধার করা সোনার মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম। এ ছাড়া আটক ব্যক্তির কাছ থেকে পাচারকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইলফোন ও নগদ ১৪০ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, উদ্ধারকৃত সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন তিনি।

বিজিবির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করা হয়েছে। জব্দ করা মোটরসাইকেল থানায় হস্তান্তর এবং উদ্ধার করা সোনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘সীমান্ত এলাকায় চোরাচালান ও সোনা পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর