খুলনা: খুলনায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
রোববার (২ আগস্ট) দুপুরে নগরীর লবণচরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার ফজলুল হক সরদারের ছেলে মো. ইলিয়াস সর্দার (৪২), গোপালগঞ্জ জেলার বকুলতলা উপজেলার বাসিন্দা তৌহিদের ছেলে মো. সুজন (৩৮) ও বরগুনা জেলার বেতাগি উপজেলার বাসিন্দা আমজাদ বেপারির ছেলে মো. নান্না ব্যাপারী (৫৭)।
র্যার জানায়, গোপন সংবাদের ভিত্তিতেলবণচরা থানার রায়পাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় তারা খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘বি কোম্পানির’ তিনজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে। তারা আসামি নান্না বেপারির বসত ঘর তল্লাশি করে সুজন ও ইলিয়াজ সরদারের হেফাজত থেকে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি ও ১ লাখ ৫৩ হাজার টাকা উদ্ধার করে র্যাব।
র্যাব আরও জানায়, তাদের কম্পিউটারের তথ্য থেকে জানা যায়, কেএমপিসহ পিরোজপুর ও বরগুনা জেলায় আসামিদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক ও চুরিসহ একাধিক মামলার তথ্য রয়েছে। পরবর্তীতে তাদের লবণচরা থানায় হস্তান্তর করা হয়।