হিলি: টানা ৮ মাস ১৪ দিন বন্ধ থাকার পর অবশেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টার দিকে ভারত থেকে কাঁচা মরিচ বোঝাই ৩টি ট্রাক বন্দরে প্রবেশের মাধ্যমে পুনরায় আমদানি কার্যক্রম শুরু হয়।
আমদানিকারকরা জানান, ভারত থেকে প্রতি টন কাঁচা মরিচ ৩০০ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। সর্বশেষ গত বছরের ২০ নভেম্বর এই বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি হয়েছিল। এরপর আমদানি অনুমতিপত্র (আইপি) বন্ধ থাকায় প্রায় ৮ মাসের বেশি সময় ধরে আমদানি কার্যক্রম বন্ধ ছিল।
আমদানি শুরুর খবর ছড়িয়ে পড়তেই হিলির স্থানীয় বাজারে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে। সোমবার সকালে যেখানে প্রতি কেজি কাঁচা মরিচ ২৮০ টাকায় বিক্রি হচ্ছিল, বিকেলের মধ্যে তা ৩০ টাকা কমে ২৫০ টাকায় নেমে আসে। ব্যবসায়ীদের আশা, আমদানির পরিমাণ বাড়লে বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে এবং দাম আরও কমবে।
আমদানিকারক আমিনুল ইসলাম পলাশ বলেন, সরকার আইপি অনুমোদন দেওয়ার পর ভারতের নাসিক থেকে প্রতি টন ৩০০ ডলার মূল্যে কাঁচা মরিচ আমদানি করা হচ্ছে। আজ প্রথম চালানে তিনটি ট্রাকে মোট ২১ মেট্রিক টন কাঁচা মরিচ এসেছে। এসব মরিচ ঢাকা-সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হবে। আমদানি অব্যাহত থাকলে বাজারে দাম আরও স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, এ বন্দরের ৬৯ জন আমদানিকারক মোট ২৯ হাজার ৭১০ টন কাঁচা মরিচ আমদানির জন্য আইপি পেয়েছেন। সোমবার থেকে সেই অনুমতির আওতায় আমদানি শুরু হয়েছে। কাঁচা মরিচ যেহেতু দ্রুত পচনশীল পণ্য, তাই ব্যবসায়ীদের ক্ষতি এড়াতে অগ্রাধিকার ভিত্তিতে কোয়ারেন্টাইন ছাড়পত্র দেওয়া হচ্ছে।