মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত এলাকা থেকে আবদুল মান্নান নামের এক বাংলাদেশি কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে সীমান্ত এলাকার বাসিন্দারা দুই ভারতীয় নাগরিককে ধরে এনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে ইছাখালী সীমান্তের ১২৪/৪-এস সীমান্ত পিলার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আবদুল মান্নান ইছাখালী মসজিদপাড়ার প্রয়াত নূর বক্সের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল মান্নান দীর্ঘদিন ধরে ইছাখালী সীমান্ত-সংলগ্ন দেড় বিঘা জমিতে কাঁচা মরিচসহ বিভিন্ন ফসলের চাষ করে আসছেন। মঙ্গলবার সকালে ওই জমিতে কীটনাশক দিতে গেলে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যান।
বিজিবি সূত্রে জানা যায়, আবদুল মান্নান সীমান্তের শূন্যরেখায় ভারতের অভ্যন্তরে থাকা কৃষিজমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। এদিকে আবদুল মান্নানকে ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সীমান্ত এলাকায় থাকা দুই ভারতীয় নাগরিককে আটক করে নিয়ে আসেন। পরে তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্রে আরও জানা যায়, এ ঘটনায় সীমান্ত এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি সমাধানে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের পর আটক তিনজনকেই নিজ নিজ দেশের সীমান্ত বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বিএসএফ আবদুল মান্নানকে বাংলাদেশের কাছে ফেরত দিয়েছে এবং এলাকাবাসীর আটক করা দুই ভারতীয় নাগরিককেও ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে।
আবদুল মান্নানের নাতি ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ‘আমার দাদাকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পর তাদের ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তারা আমার দাদাকে ছেড়ে দেয়নি। এ কারণে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে দু’জন ভারতীয় কৃষককে তুলে আনে। তাদের একজনের নাম শচিন কর্মকার, অপরজন নারায়ণ দেব।’
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘পতাকা বৈঠকে আবদুল মান্নানকে ফেরত দিয়েছে তারা। এলাকাবাসীর আটক করা দুই ভারতীয়কেও ফেরত দেওয়া হয়েছে।’