ঢাকা: গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।
বুধবার (৫ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৬ টায় ‘এফবি নিশান-২’ নামক একটি ফিশিং বোট ১৮ জন জেলেসহ মাছ আহরণ শেষে সমুদ্র থেকে ফেরার পথে সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরে দুপুর ১টায় ওই বোটের একজন জেলে বোট মালিককে কল দিয়ে বিষয়টি অবহিত করলে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহায়তা চাইলে বিষয়টি সম্পর্কে কোস্ট গার্ড অবগত হয়।’
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘তৎক্ষণাৎ সমুদ্রে টহলে নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা কর্তৃক ওই এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করে বিকল হওয়া বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয় এবং বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তরের করা হয়। জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’