সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় মোছা. সারমিন খাতুন (২৪) নামে এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১০ আগস্ট) সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মোঃ মাসুদ পারভেজ এ রায় ঘোষণা করেন।
একই সঙ্গে সারমিনকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সারমিন খাতুন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাটিকাটা ইউনিয়নের দিয়াড় মহব্বতপুর, বর্তমানে পাঁচগাছী গ্রামের মো. রবিউল ইসলামের স্ত্রী। তিনি মো. ইসরাফিল হোসেনের মেয়ে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সারমিন খাতুনের বিরুদ্ধে মামলা করা হয়। বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে এ সাজা দেন।
রায় ঘোষণার সময় সারমিন আদালতে উপস্থিত ছিলেন। পরে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আদালতের আদেশে বলা হয়েছে, পূর্বে কোনো হাজতবাস হয়ে থাকলে তা কারাদণ্ডের মেয়াদ থেকে বাদ যাবে। জেল কোড অনুযায়ী, সারমিনের শিশুসন্তান মায়ের সঙ্গে কারাগারে থাকার সুযোগ পাবে।
এ ছাড়া মামলায় জব্দ করা মাদকদ্রব্য প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ধ্বংসের নির্দেশ দিয়েছেন আদালত।