Tuesday 11 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে ৩ নদীর পানি বাড়ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৬ ১৯:২৭

নদী। চাঁপাইনবাবগঞ্জ।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি প্রধান নদীতেই পানির সমতল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এখনো কোনো নদীর পানিই বিপৎসীমা অতিক্রম করেনি।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দৈনিক পানি বৃদ্ধি ও হ্রাসসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১০ আগস্ট) সকাল ১০টা থেকে মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ১৩ সেন্টিমিটার, মহানন্দা নদীর পানি ৩১ সেন্টিমিটার এবং পুনর্ভবা নদীর পানি ২০ সেন্টিমিটার বেড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, পদ্মা নদীর পাঁকা গেজ স্টেশনে সোমবার সকাল ৯টায় পানির সমতল ছিল ১৮.৮৩ মিটার। ২৪ ঘণ্টায় ১৩ সেন্টিমিটার বেড়ে মঙ্গলবার একই সময়ে তা দাঁড়ায় ১৮.৯৬ মিটারে।

বিজ্ঞাপন

মহানন্দা নদীর খালঘাট গেজ স্টেশনে সোমবার পানির সমতল ছিল ১৬.৬৫ মিটার। এক দিনে ৩১ সেন্টিমিটার বেড়ে মঙ্গলবার একই সময়ে তা দাঁড়িয়েছে ১৬.৯৬ মিটারে।

অন্যদিকে, পুনর্ভবা নদীর রহনপুর গেজ স্টেশনে সোমবার পানির সমতল ছিল ১৭.১৫ মিটার। ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বৃদ্ধির পর মঙ্গলবার তা দাঁড়িয়েছে ১৭.৩৫ মিটারে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস. এম. আহসান হাবীব জানান, পদ্মা নদীর বিপৎসীমা ২২.৫ মিটার, মহানন্দা নদীর ২০.৫৫ মিটার এবং পুনর্ভবা নদীর বিপৎসীমা ২১.৫৫ মিটার। ফলে তিন নদীর পানিই বর্তমানে বিপৎসীমার নিচে রয়েছে।

এদিকে, নদীগুলোতে পানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকায় নিম্নাঞ্চলের মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পানি বৃদ্ধির পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে পানি উন্নয়ন বোর্ড।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর