Tuesday 11 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাগেরহাটে হাসপাতালে আগুন, পুড়ল অ্যাম্বুলেন্স ও ৮ মোটরসাইকেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৬ ২০:৪১ | আপডেট: ১১ আগস্ট ২০২৬ ২০:৪৬

হাসপাতালের সামনে আগুনে পোড়া অ্যাম্বুলেন্স

বাগেরহাট: জেলার ২৫০ শয্যার জেলা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বেসরকারি অ্যাম্বুলেন্স ও আটটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে গেছে। দগ্ধ হয়েছেন অ্যাম্বুলেন্স চালক মো. ফরিদ।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে হাসপাতালে ঢোকার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

বেসরকারি একটি অ্যাম্বুলেন্সের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শী জাহিদুল ইসলাম যাদু বলেন, ‘বেসরকারি একটি অ্যাম্বুলেন্সের গ্যাসের সিলিন্ডারে ত্রুটির কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে বড় ধরনের প্রাণহানি না ঘটলেও আমার ও আমার স্ত্রীর মোটরসাইকেলসহ অন্তত আটটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার পর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।’

বিজ্ঞাপন

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. সাইদুজ্জামান জানান, খবর পেয়ে আমাদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে একটি অ্যাম্বুলেন্স ও বেশ কয়েকটি মোটরসাইকেল পুড়ে যায়। আগুনের ধোঁয়ায় হাসপাতালের নিচতলা আচ্ছন্ন হয়ে পড়েছিল। তবে দ্রুত আগুন নেভানো সম্ভব হওয়ায় বড় কোনো বিপর্যয় বা হতাহতের ঘটনা এড়ানো গেছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, অ্যাম্বুলেন্সের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বিস্তারিত তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমদ্দার বলেন, ‘হাসপাতালের প্রধান ফটকের সামনে রোগী পরিবহনের জন্য দাঁড়ানো একটি বেসরকারি এ্যাম্বুলেন্সে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশে ছড়িয়ে পড়লে পাশে থাকা একটি অ্যাম্বুলেন্স ও আটটি মোটরসাইকেল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর