ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের ফলে বিশ্বে যে নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, তা মোকাবিলায় যুবসমাজকে উপযুক্ত জ্ঞান ও দক্ষতা দিয়ে গড়ে তুলতে হবে।’
বুধবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তথ্যমন্ত্রী বলেন, ‘প্রযুক্তির দ্রুত বিকাশের মধ্য দিয়ে যে নতুন ইকোসিস্টেম তৈরি হয়েছে, তা সভ্যতার জন্য একদিকে যেমন আশীর্বাদ, অন্যদিকে নতুন ধরনের চ্যালেঞ্জও সৃষ্টি করছে।’ কৃত্রিম বুদ্ধিমত্তা সভ্যতার জন্য একটি সম্পূর্ণ নতুন বাস্তবতা উল্লেখ করে তিনি বলেন, ‘নতুন প্রযুক্তি ও নতুন জ্ঞান গ্রহণের ক্ষেত্রে যুবকদের সক্ষমতা তুলনামূলকভাবে বেশি। ফলে এআই-নির্ভর ভবিষ্যৎ পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের উপযুক্ত জ্ঞান, দক্ষতা ও মানসিক প্রস্তুতি দিয়ে গড়ে তোলা রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।’
তিনি বলেন, ‘আমরা যে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, তার গভীরতা এতটাই বেশি যে আগামী দিনগুলোতে আমরা কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হব, তা অনেকাংশেই অনুমান করা কঠিন। তিনি পুরোনো জ্ঞান ও প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি নতুন জ্ঞান, নতুন দক্ষতা ও নতুন সক্ষমতা অর্জনের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তরুণদের শুধু প্রচলিত শিক্ষায় শিক্ষিত করলে হবে না, বরং তাদের ডিজিটাল সক্ষমতা, প্রযুক্তিগত জ্ঞান, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘নতুন ইকোসিস্টেমের জন্য নতুন ধরনের প্রতিষ্ঠান ও জ্ঞানব্যবস্থা প্রয়োজন। প্রতিটি রাষ্ট্রের জন্য তরুণদের উপযুক্ত জ্ঞান ও দক্ষতা দেওয়া এখন আর শুধু কোনো উন্নয়নমূলক উদ্যোগ নয়, বরং ভবিষ্যৎ সভ্যতার জন্য একটি অনিবার্য বিনিয়োগ। যুবসমাজ শুধু একটি দেশের সম্পদ নয়, তারা সমগ্র মানবসভ্যতার সম্পদ। তারা পুরোনো প্রজন্মের চেয়ে বেশি অভিজ্ঞ ও জ্ঞানসম্পন্ন, তাই তরুণদের শুধু ভবিষ্যতের নাগরিক হিসেবে নয়, বর্তমানের পরিবর্তনের অংশীদার হিসেবেও বিবেচনা করতে হবে।’
বাংলাদেশের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, ‘সরকার যুবসমাজকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। খেলাধুলা, সৃজনশীলতা, যুবসমাজের বিকাশ এবং পরিবর্তন ও জলবায়ু-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের ভূমিকার বিষয়গুলো এরইমধ্যে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্ব পেয়েছে। সরকারের এই অবস্থান প্রমাণ করে যে বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে যুবসমাজকে একটি প্রধান শক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে বৈশ্বিক সভ্যতার অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে।’
এ ছাড়া মন্ত্রী জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে যুবসমাজকে কেন্দ্র করে আরও ব্যাপক কর্মসূচি ও দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের আহ্বানও জানান।