ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন, দেশের জনমিতিক সুবিধা কাজে লাগিয়ে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার নতুন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে শিগ্গিরই উদ্যোক্তা প্রকল্পের ‘উদ্যোগ’ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখার কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আরিফ হোসেন খান বলেন, ‘নতুন সরকারের অন্যতম অগ্রাধিকার দেশের বাইরে কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশের তরুণ জনগোষ্ঠীকে উৎপাদনশীল খাতে সম্পৃক্ত করা। বর্তমান জনমিতিক সুবিধাকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ উচ্চ আয়ের দেশে উন্নীত হওয়ার পথে আরও এগিয়ে যাবে। তবে আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যে এই সুবিধা কমে যাবে। তাই এর আগেই দক্ষ মানবসম্পদ গড়ে তোলা প্রয়োজন।’
আরিফ হোসেন খান বলেন, ‘এ জন্য শিক্ষা ব্যবস্থাকে আরও কর্মমুখী ও পেশাভিত্তিক করতে হবে, যাতে শিক্ষার্থীরা চাকরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার মানসিকতা নিয়ে গড়ে ওঠে।’
তিনি জানান, উদ্যোক্তা প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে আটটি বিভাগের আটটি জেলা নির্বাচন করা হয়েছে। এসব জেলার ৬৪টি উপজেলায় ৬৪০ জন সম্ভাবনাময় তরুণকে বাছাই করে আর্থিক সহায়তা, বিপণন সহযোগিতা, প্রযুক্তিগত সহায়তা এবং মেন্টরিং দেওয়া হবে।
তার ভাষ্য, প্রকল্পটির মূল লক্ষ্য তরুণদের চাকরিপ্রার্থী নয়, চাকরিদাতা হিসেবে গড়ে তোলা। যাদের উদ্ভাবনী ধারণা ও উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের প্রয়োজনীয় অর্থায়ন ও অন্যান্য সহায়তা দেওয়া হবে। এ উদ্যোগে ব্যাংক ও উন্নয়ন সহযোগীরাও অংশ নেবে বলে তিনি জানান।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বৈদেশিক মুদ্রা অর্জনে তরুণদের অবদান গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রবাসী তরুণ শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’